শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পদত্যাগ
শিক্ষা মন্ত্রণালয়ের আআওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় তিনি পদত্যাগ করেন।
পদত্যাগপত্রে দেলোয়ার হোসেন মজুমদার লিখেছেন, গত ১২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। আমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুক্তিভিত্তিক প্রধান প্রকৌশলীর পদ থেকে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করলাম।
চলতি বছরের শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদারকে প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়। তাতে বলা হয়েছিল- তিনি গ্রেড-২ কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন।
এর আগে দেলোয়ার হোসেন মজুমদার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন। তবে তিনি প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্বে ছিলেন।







